রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়কে ঘিরে দায়িত্বশীলদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দূর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজিসহ প্রকাশ্য দিবালোকে নানান অপরাধ-কান্ড যেন হরিলুটের মহোৎসবে রুপ নিয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে প্রয়োজনীয় কোন অভিজ্ঞতা ছাড়াই সরাসরি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা হিসেবে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রতিষ্ঠানটিকে ঘিরে সীমাহীন দুর্নীতির মাধ্যমে স্কুল ও সরকারি বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।
এ সকল অভিযোগ তুলে ধরে তুলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নার্গিস আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎকৃত অর্থ স্কুলের ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার দাবিতে গত ২০১৮ সালের ৩ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকবৃন্দ।
এরপর,অভিযোগ আমলে নিয়ে মাউশির পক্ষ থেকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক, প্রফেসর মোহাম্মদ মনোয়ার হোসেনকে।
সর্বশেষ তদন্ত কার্যদিবস শেষে গত ২০২১ সালের ২৫ শে অক্টোবর কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদনটি জমা দেন তিনি। মাউশি'র স্মারক নম্বর-৩৭.০২.০০০০.১০৭.৩১.১৮১.২০২১ (অংশ)-৫৯৪। অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের নিয়োগ অবৈধ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, সরকারি অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠানটিকে ঘিরে সীমাহীন দুর্নীতির অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও অজানা কারণে তা আলোর মুখ দেখেনি আজও।
অভিযোগকারীদের দাবি, হযরত শাহ আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিরিন আক্তার অবৈধভাবে ২০০২ সালের ১৫ এপ্রিল নার্গিস আক্তারকে হযরত শাহ আলী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেন। ওই মাসেরই ২৭ তারিখে নার্গিস আক্তার প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত পদে কর্মে যোগদান করেন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের নিয়োগ পুরোপুরি অবৈধ। কেননা, প্রচলিত আইন ও মাউশির নিয়ম অনুযায়ী কোন এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কিংবা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক অথবা সরাসরি অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেতে হলে সেক্ষেত্রে ওই শিক্ষকের এমপিও তালিকাভুক্তির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কমপক্ষে ১২ থেকে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পক্ষান্তরে তার প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ প্রাপ্তি পর্যন্ত নির্ধারিত অভিজ্ঞতা তো দূরের কথা;কোন শিক্ষা প্রতিষ্ঠানে একদিন শিক্ষকতা করার অভিজ্ঞতাও নেই। নিয়োগপ্রাপ্তি ও দায়িত্বভার গ্রহণের পর দিন দিন প্রকাশ্যে তার স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার জনিত অপরাধকান্ড সহনীয় মাত্রা ছাড়িয়ে গেলে এ নিয়ে মিরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠে। পরবর্তীতে শাক দিয়ে মাছ ঢাকতে ফের ২০১২ সালে সংশ্লিষ্ট প্রভাবশালী স্বার্থান্বেষী মহল তড়িঘড়ি করে তৎকালীন স্কুল পরিচালনা কমিটির কোনরকম অনুমোদন, জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং খাতা মূল্যায়ন, মাউশির ডিজি'র প্রতিনিধি (নিয়ম অনুযায়ী একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) ও শাহ আলী গার্লস স্কুলের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর এবং নিয়োগপত্র ছাড়াই নার্গিস আক্তারকে সরাসরি সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে পুনঃনিয়োগ দিয়ে মৌখিকভাবে তাকেই প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব দেন। যার ইনডেক্স নম্বর-৪৮৮২৭৩।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ২০১২ সালে সহকারি প্রধান শিক্ষক হিসেবে পুনঃনিয়োগ প্রাপ্তির পর থেকে অদ্যবধি প্রধান শিক্ষিকা পদে বহাল থেকে অভিযুক্ত নার্গিস আক্তার প্রতিষ্ঠানের ও সরকারি বিপুল অংকের অর্থ আত্মসাৎ করে আসছেন।
অভিযুক্ত নার্গিস আক্তারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগের সত্যতা নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ মনোয়ার হোসেন তার তদন্ত প্রতিবেদনে আরো উল্লেখ করেন, স্কুলের নিজস্ব জমিতে নির্মিত হযরত শাহ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স নামে বহুতল মার্কেটটিতে স্কুলের ৭০ টি দোকান রয়েছে। স্কুলের নিজস্ব জায়গায় বহুতল ভবন নির্মাণে তৎকালীন গভর্নিং বডির সিদ্ধান্ত, প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশনকে অবহিত না করে নকশা প্রস্তুত করা, প্রস্তুতকৃত নকশার অনুমোদন সংক্রান্ত কোন তথ্য, এমনকি মার্কেট নির্মাণে ব্যয়কৃত অর্থের সঠিক কোন হিসাব দিতে পারেননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। এছাড়াও স্কুলের নামে ৭০ টি দোকান ভাড়া দেওয়ার সময় ব্যবসায়ীদের নিকট থেকে জামানত হিসেবে আদায়কৃত বিপুল অংকের অর্থ ও দোকান প্রতি মাসিক ভাড়া হিসেবে আদায়কৃত বিপুল অংকের অর্থ জনতা ব্যাংক মিরপুর-১ শাখার স্কুলের নিজস্ব নামের হিসাব নম্বর ১৮৪৭০/৩ এ জমা দেওয়ার দাবি করলেও এসংক্রান্ত কোন রেজুলেশন জমা নেই স্কুল কর্তৃপক্ষ কিংবা স্কুল পরিচালনা কমিটির কারো কাছেই। তদন্তকারী কর্মকর্তার দাবির প্রেক্ষিতে অভিযুক্ত নার্গিস আক্তার স্কুলের মার্কেট ও বিভিন্ন খাত থেকে প্রাপ্ত অর্থ উল্লেখিত ব্যাংকের হিসাব নম্বরে জমা দেওয়ার ব্যাংক ভাউচার প্রদান করলেও ব্যাংক হিসাব থেকে ব্যয়কৃত বিপুল অংকের অর্থ কোন খাতে খরচ করা হলো- তার কোন রেজুলেশন,পরিকল্পনা, সিদ্ধান্ত, ব্যয় বিবরণীর কোন বিল-ভাউচার প্রদর্শন করতে ব্যর্থ হন। এমনকি উল্লেখিত ব্যাংক হিসাব থেকে ব্যয়কৃত বিশাল অঙ্কের অর্থ ব্যয় সংক্রান্ত কোনো তথ্য স্কুল কর্তৃপক্ষ কিংবা ম্যানেজিং কমিটির সংরক্ষণেও নেই।
আরো অভিযোগ রয়েছে, স্কুলটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালনা কমিটির যোগসাজোশে দরগাহ্ স্কুল সংলগ্ন শাহ আলী গার্লস স্কুলের নিজস্ব জমিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনরকম অনুমোদন ছাড়াই বিশালাকার বহুতল ভবন নির্মাণকাজ শুরু করেন অভিযুক্ত দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। টেকনোপোল বিল্ডার্স নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণকাজের দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলাকালীন সময়ে স্থানীয় সচেতন মহল ভবনটিকে চরম ঝুঁকিপূর্ণ ও অবৈধ চিহ্নিত করে নির্মাণ কাজ বন্ধের দাবি তুলে রাজউক কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত ২০২২ সালের ৭ই জুন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভবনটির নির্মাণ কাজে স্থগিতাদেশ দেন। উচ্ছেদ অভিযান শেষ করে ফেরার সপ্তাহখানেক যেতে না যেতেই অজানা শক্তির বলে ভবনটির তিন তলা পর্যন্ত অবৈধভাবেই পুনঃনির্মাণ করেন অভিযুক্ত নার্গিস আক্তার।
আন্ডারগ্রাউন্ডসহ চারতলা ভবনটিতে ১৩০ টি দোকান পজিশন রয়েছে। যা অদ্যবধি স্কুল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে পারেনি টেকনো পোল বিল্ডার্স নাম ঠিকাদার কোম্পানি। সর্বশেষ গত ২৮ আগস্ট ফের রাজধানী উন্নয়ন কর্পোরেশনের (রাজউক) ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভবন কি উচ্ছেদ করতে আসে রাজউকের একটি আভিযানিক দল। অবৈধ ভবনটির তৃতীয় তলার এক পাশের মাত্র একটি দেয়ালের সামান্য অংশ ভেঙেই হঠাৎ উচ্ছেদ অভিযান সমাপ্ত ঘোষণা করেন তিনি। এতে প্রচন্ড করে ক্ষুব্ধ এলাকাবাসীর মাঝে ব্যাপক উত্তেজনা ও আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।
এসময় রাজউকের মহিলা ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের বক্তব্য জানতে চাইলে তিনি অফিসে এসে দেখা করার কথা বলেই দ্রুত গাড়িতে উঠে অভিযান স্থল ত্যাগ করেন।
এ বিষয়ে হযরত শাহ আলী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি নয়ন বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন এ বিষয়ে গণমাধ্যমকে কোন বক্তব্য দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ রয়েছে ।
এ ঘটনায় স্কুল কমিটির বর্তমান সভাপতি মাজহারুল কবীর মিধাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসীর দাবি, হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তির পর থেকে অভিযুক্ত নার্গিস আক্তার প্রতিষ্ঠানটির ও সরকারি কত কোটি টাকা লোপাট করেছেন তার ইয়ত্তা নেই। অচিরেই প্রতিষ্ঠানটি থেকে আত্মসাৎকৃত সমুদয় অর্থ স্কুলের নামে জনতা ব্যাংকের মিরপুর-১ শাখার নিজস্ব একাউন্টে ফেরত প্রদানের ব্যবস্থাসহ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোরদাবি এলাকাবাসীর।
১৯৭৪ সালে রাজধানীর মিরপুর-১ নম্বরের উত্তর বিশিলে নিজস্ব প্রায় তিন একর জমির উপরে প্রতিষ্ঠা লাভ করে হযরত শাহ্ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। ৩১ জন শিক্ষক ও ১২ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৪৩ জন স্টাফ এই বিদ্যালয়টিতে বর্তমানে কর্মরত রয়েছেন।